সরকারি BDRIS পোর্টাল · সর্বশেষ আপডেট ৩১ আগস্ট ২০২৬

অনলাইনে মৃত্যু নিবন্ধন যাচাই করার নিয়ম ২০২৬

মৃত্যু সনদের নাম্বার আর মৃত্যুর তারিখ জানা থাকলে ঘরে বসেই মৃত্যু নিবন্ধন যাচাই করতে পারবেন। জন্ম নিবন্ধনের চেয়ে ঠিকানাটা আলাদা।

লাগবে ১৭ ডিজিটের নাম্বারসময় ১ মিনিটখরচ সম্পূর্ণ ফ্রি

মৃত্যু নিবন্ধন যাচাই ফরম

মৃত্যু নিবন্ধন নাম্বার ও মৃত্যুর তারিখ লিখে যাচাই করুন

মৃত্যু সনদের উপরে থাকা ১৭ সংখ্যার নাম্বার, জন্ম নিবন্ধন নাম্বার নয়
বছর-মাস-দিন ক্রমে লিখুন। উদাহরণ, ১২ মার্চ ২০২৪ হলে 2024-03-12

বাটনে ক্লিক করলে সরকারি BDRIS ওয়েবসাইট নতুন ট্যাবে খুলবে এবং আপনার নাম্বার ও মৃত্যুর তারিখ সেখানে বসানো থাকবে। শুধু ক্যাপচা অংকটি সমাধান করে Search বাটনে ক্লিক করুন।

এই পাতায় যা আছে

মৃত্যু নিবন্ধন যাচাই করার নিয়ম জন্ম নিবন্ধনের মতোই। শুধু পাতাটা আলাদা, আর নাম্বারটাও আলাদা। এই দুটো জায়গাতেই বেশিরভাগ মানুষ ভুল করেন।

পরিবারে কারও মৃত্যুর পর সনদটি হাতে পাওয়ার পর একবার যাচাই করে দেখে নেওয়া ভালো। কারণ পরে যখন ওয়ারিশ সনদ, জমির নামজারি বা ব্যাংকের কাজে সনদটি জমা দিতে হবে, তখন যদি জানা যায় তথ্যে ভুল আছে বা সনদটি অনলাইনে নেই, তখন কাজটা আটকে যাবে।

মৃত্যু নিবন্ধন যাচাই করতে যা লাগবে

মৃত্যু সনদ অনলাইনে যাচাই করতে দুটি তথ্য লাগবে —

  • মৃত্যু নিবন্ধন নাম্বার (১৭ ডিজিট)
  • মৃত্যুর তারিখ (বছর-মাস-দিন)

দুটো তথ্যই মৃত্যু সনদের কাগজে লেখা থাকে। এর বাইরে আর কিছু লাগে না, কোনো টাকাও লাগে না।

একটা বিষয় বারবার মনে করিয়ে দিই, কারণ অফিসে এই ভুলটাই সবচেয়ে বেশি দেখি। মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে মৃত্যু নিবন্ধন যাচাই করা যায় না। মৃত্যু নিবন্ধনের জন্য আলাদা একটি ১৭ ডিজিটের নাম্বার ইস্যু হয়, সেটিই লাগবে।

জন্ম আর মৃত্যু নিবন্ধন যাচাইয়ের পার্থক্য

বিষয় জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন
ঠিকানা everify.bdris.gov.bd everify.bdris.gov.bd/UDRNVerification
প্রথম ঘর Birth Registration Number Death Registration Number
দ্বিতীয় ঘর Date of Birth Date of Death
যে তারিখ দিতে হয় জন্ম তারিখ মৃত্যুর তারিখ

বাকি সব এক। ক্যাপচা, Search বাটন, ফলাফলের চেহারা, সবই একই রকম।

মোবাইলে মৃত্যু নিবন্ধন যাচাই

মোবাইল থেকেও একইভাবে যাচাই করা যায়, আলাদা কোনো অ্যাপ লাগে না।

Chrome বা যেকোনো ব্রাউজার খুলে everify.bdris.gov.bd/UDRNVerification ঠিকানায় যান। এরপর ১৭ ডিজিটের নাম্বার আর মৃত্যুর তারিখ লিখে ক্যাপচা পূরণ করে Search চাপুন।

নাম্বার লেখার সময় কিবোর্ড ইংরেজি সংখ্যায় (123) রাখবেন। বাংলা সংখ্যায় (১২৩) লিখলে কাজ হবে না।

তথ্য এলে ব্রাউজারের তিন ডট মেনু থেকে Share অপশনে গিয়ে Print বেছে নিলে যাচাই কপির পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন।

ছবিসহ মৃত্যু নিবন্ধন যাচাই করার নিয়ম

  1. মৃত্যু যাচাইয়ের পাতায় যান

    ব্রাউজারে https://everify.bdris.gov.bd/UDRNVerification ঠিকানাটি লিখে ভিজিট করুন।

    অথবা everify.bdris.gov.bd এ ঢুকে উপরে থাকা Click here to verify death record লেখাটিতে ক্লিক করুন। জন্ম নিবন্ধনের পাতায় মৃত্যু নিবন্ধনের নাম্বার দিলে কোনো তথ্য আসবে না, তাই এই ধাপটি খেয়াল করে করুন।

    অনলাইনে মৃত্যু নিবন্ধন যাচাই করার সরকারি ওয়েবসাইট everify bdris gov bd এর ফরম
    মৃত্যু নিবন্ধন যাচাই করার সরকারি ফরম
  2. মৃত্যু নিবন্ধন নাম্বার লিখুন

    প্রথম ঘরে (Death Registration Number) মৃত্যু সনদের ১৭ ডিজিটের নাম্বারটি স্পেস ছাড়া লিখুন।

    এটি মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন নাম্বার নয়। মৃত্যু নিবন্ধন করার পর আলাদা একটি নাম্বার ইস্যু করা হয়, সেটিই এখানে লাগবে। দুটো গুলিয়ে ফেলা খুব সাধারণ একটি ভুল।

    Death Registration Number ঘরে ১৭ ডিজিটের মৃত্যু নিবন্ধন নাম্বার লেখা
    মৃত্যু সনদের নিজস্ব ১৭ ডিজিটের নাম্বার
  3. মৃত্যুর তারিখ লিখুন

    দ্বিতীয় ঘরে (Date of Death) মৃত্যুর তারিখ লিখুন, বছর-মাস-দিন অর্থাৎ YYYY-MM-DD ফরম্যাটে।

    এখানে জন্ম তারিখ নয়, মৃত্যুর তারিখ দিতে হবে। যেমন ১২ মার্চ ২০২৪ হলে লিখতে হবে 2024-03-12।

    মৃত্যু নিবন্ধন যাচাই করতে YYYY-MM-DD ফরম্যাটে Date of Death ঘরে মৃত্যুর তারিখ লেখা
    উদাহরণ, ১২ মার্চ ২০২৪ হলে লিখুন 2024-03-12
  4. ক্যাপচা পূরণ করে Search চাপুন

    ছবিতে দেখানো অংকটি সমাধান করে The answer is ঘরে উত্তরটি লিখুন। এরপর Search বাটনে ক্লিক করুন।

    তথ্য ঠিক থাকলে মৃত ব্যক্তির নাম, মৃত্যুর তারিখ, নিবন্ধনের তারিখ ও নিবন্ধনকারী কার্যালয়ের নাম স্ক্রিনে চলে আসবে।

    Search বাটনে ক্লিক করে অনলাইনে মৃত্যু নিবন্ধন যাচাই বা death certificate check করা
    সব পূরণ করে Search বাটনে ক্লিক করুন
  5. মৃত্যু সনদের তথ্য দেখুন

    নিচের ছবির মতো করে সনদের বিস্তারিত তথ্য দেখতে পাবেন। এখান থেকেই পেজটি প্রিন্ট করে যাচাই কপির পিডিএফ সেভ করে নিতে পারবেন।

    কোনো তথ্য না এলে বুঝতে হবে নাম্বার বা তারিখে ভুল আছে, নয়তো মৃত্যু নিবন্ধনটি এখনো অনলাইন করা হয়নি।

    অনলাইন মৃত্যু নিবন্ধন যাচাই করার পর death registration record verification এর ফলাফল
    যাচাইয়ের ফলাফল এভাবে দেখাবে

যাচাই না হলে কী করবেন

No Record Found দেখাচ্ছে

সবচেয়ে বেশি যে সমস্যাটি হয়। এর তিনটি কারণ থাকতে পারে —

  • মৃত্যু নিবন্ধন নাম্বারের বদলে জন্ম নিবন্ধন নাম্বার দেওয়া হয়েছে
  • মৃত্যুর তারিখের বদলে জন্ম তারিখ দেওয়া হয়েছে, বা তারিখের ফরম্যাট ভুল
  • মৃত্যু নিবন্ধনটি এখনো অনলাইন ডেটাবেজে অন্তর্ভুক্ত হয়নি

প্রথম দুটি নিজেই ঠিক করে নিতে পারবেন। তৃতীয়টির ক্ষেত্রে যে কার্যালয়ে নিবন্ধন হয়েছিল সেখানে গিয়ে সনদটি অনলাইন করানোর আবেদন করতে হবে।

সার্ভার সমস্যা দেখাচ্ছে

Request Timeout বা Server Busy লেখা এলে বুঝতে হবে সরকারি সার্ভারে চাপ পড়েছে। কিছুক্ষণ পর বা রাতের দিকে আবার চেষ্টা করুন। ইন্টারনেট সংযোগটাও একবার দেখে নিন।

মৃত্যু নিবন্ধন যাচাই কপি ডাউনলোড

যাচাই করার পর যে তথ্যগুলো স্ক্রিনে আসে, সেই পেজটি প্রিন্ট করেই কপি ডাউনলোড করতে হয়। আলাদা কোনো ডাউনলোড বাটন সরকারি সাইটে নেই।

কম্পিউটার থেকে কিবোর্ডের CTRLP বাটন একসাথে চাপুন, তারপর Destination ঘরে Save as PDF বেছে নিয়ে সেভ করুন।

মোবাইল থেকে ব্রাউজারের তিন ডট আইকনে ক্লিক করে Share অপশনে যান, সেখান থেকে Print বেছে নিন। এরপর ফাইলটি সেভ করে নিতে পারবেন।

মনে রাখবেন, এই যাচাই কপি সিল-স্বাক্ষরযুক্ত মূল সনদ নয়। ওয়ারিশ সনদ বা জমির কাজে মূল সনদই লাগবে, যা কার্যালয় থেকে তুলতে হয়।

মৃত্যুর তারিখ লেখার নিয়ম

তারিখের ফরম্যাট ভুল হওয়ার কারণেই সবচেয়ে বেশি যাচাই আটকে যায়। বছর আগে, তারপর মাস, সবশেষে দিন।

মৃত্যুর তারিখ যেভাবে লিখতে হবে
১২ মার্চ ২০২৪ 2024-03-12
৫ জানুয়ারি ২০২০ 2020-01-05
৩০ ডিসেম্বর ২০১৮ 2018-12-30

মাস বা দিন এক অঙ্কের হলে আগে একটি শূন্য বসবে। মাঝে অবশ্যই হাইফেন (-) চিহ্ন দিতে হবে।

নাম বা এনআইডি দিয়ে মৃত্যু নিবন্ধন যাচাই

জন্ম নিবন্ধনের মতোই, মৃত্যু নিবন্ধনও নাম বা জাতীয় পরিচয়পত্র দিয়ে খোঁজা যায় না। সরকারি সিস্টেমে এই সুযোগ রাখা হয়নি।

যাচাই করতে ১৭ ডিজিটের মৃত্যু নিবন্ধন নাম্বার আর মৃত্যুর তারিখ, দুটোই লাগবে।

নাম্বারটি হারিয়ে ফেললে যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে নিবন্ধন হয়েছিল সেখানে যেতে হবে। মৃত ব্যক্তির নাম, মৃত্যুর আনুমানিক তারিখ ও ঠিকানা বললে ভলিউম বই মিলিয়ে নাম্বারটি বের করে দেওয়া হয়।

মৃত্যু সনদে ভুল থাকলে

যাচাই করে দেখলেন তথ্য এসেছে, কিন্তু নাম বা তারিখে ভুল আছে। এমন হলে নতুন করে নিবন্ধন করবেন না।

সংশোধনের আবেদন করতে হবে bdris.gov.bd থেকে। ১৭ ডিজিটের নাম্বার ও মৃত্যুর তারিখ দিয়ে রেকর্ডটি বের করে, যে তথ্য বদলাতে চান সেটি নির্বাচন করে প্রমাণপত্রসহ আবেদন জমা দিন।

সংশোধনের আবেদন করার পর প্রিন্ট কপি ও মূল কাগজপত্র নিয়ে কার্যালয়ে যেতে হবে। এই ধাপটি না করলে আবেদন এগোবে না।

Death Certificate Check Online BD

মৃত্যু সনদ অনলাইনে চেক করার সরকারি ঠিকানা everify.bdris.gov.bd/UDRNVerification। জন্ম নিবন্ধনের পাতাটি আলাদা, তাই লিংকটি মিলিয়ে নেবেন।

Death certificate check করতে যা লাগে —

  • ১৭ ডিজিটের death registration number
  • date of death, YYYY-MM-DD ফরম্যাটে
  • ক্যাপচার অংকের উত্তর

ওয়েবসাইটটি ইংরেজিতে, কিন্তু ঘর মাত্র তিনটি। উপরের ছবিগুলো দেখে মিলিয়ে পূরণ করলেই হয়ে যাবে।

মৃত্যু নিবন্ধন কোথায় কোথায় লাগে

অনেক পরিবার মনে করেন মৃত্যুর পর নিবন্ধনের আর দরকার নেই। কিন্তু নিচের প্রতিটি কাজেই এই কাগজটি চাওয়া হয় —

  • ওয়ারিশ বা উত্তরাধিকার সনদ তোলা
  • জমি ও সম্পত্তি হস্তান্তর এবং নামজারি
  • ব্যাংক হিসাব বন্ধ করা বা টাকা উত্তোলন
  • পেনশন, গ্র্যাচুইটি ও বীমার দাবি নিষ্পত্তি
  • ভোটার তালিকা থেকে নাম কাটানো
  • বিদেশে থাকা সম্পত্তি বা কাগজপত্রের কাজ

নিবন্ধনই যদি করা না থাকে, তাহলে আগে নিবন্ধন করাতে হবে। কীভাবে করবেন, কী কাগজ লাগবে, সবকিছু মৃত্যু নিবন্ধন আবেদনের পোস্টে দেওয়া আছে।

সনদে কোনো তথ্য ভুল থাকলে নতুন করে নিবন্ধন করবেন না, সংশোধনের আবেদন করতে হবে। ভুল যত আগে ধরা পড়ে, ঠিক করানো তত সহজ।

শেষ কথা

মৃত্যু নিবন্ধন যাচাইয়ে দুটো ভুলই সবচেয়ে বেশি হয় — জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে ফেলা, আর মৃত্যুর তারিখের বদলে জন্ম তারিখ দেওয়া।

এই দুটো মিলিয়ে নিলে বাকিটা এক মিনিটের কাজ। সনদ হাতে পাওয়ার পরপরই যাচাই করে রাখলে পরে ওয়ারিশ সনদ বা জমির কাজে গিয়ে সমস্যায় পড়তে হবে না।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নোত্তর

মৃত্যু নিবন্ধন যাচাইয়ের ওয়েবসাইট কোনটি?

https://everify.bdris.gov.bd/UDRNVerification ঠিকানাটি মৃত্যু নিবন্ধন যাচাইয়ের জন্য। জন্ম নিবন্ধনের পাতাটি আলাদা, সেখানে মৃত্যু নিবন্ধনের নাম্বার দিলে কাজ হবে না।

মৃত্যু নিবন্ধন নাম্বার কি জন্ম নিবন্ধন নাম্বারের মতো?

দুটোই ১৭ ডিজিটের, কিন্তু সম্পূর্ণ আলাদা নাম্বার। মৃত্যু নিবন্ধন করার পর নতুন একটি নাম্বার ইস্যু হয়, যাচাইয়ে সেটিই লাগে।

মৃত্যুর কত দিনের মধ্যে নিবন্ধন করতে হয়?

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করানোর কথা। এই সময়ের মধ্যে করলে কোনো ফি লাগে না।

মৃত্যু নিবন্ধন কেন দরকার হয়?

ওয়ারিশ বা উত্তরাধিকার সনদ, জমি ও সম্পত্তির নামজারি, ব্যাংক হিসাব বন্ধ করা, পেনশন ও বীমার দাবি নিষ্পত্তি এবং ভোটার তালিকা থেকে নাম কাটাতে মৃত্যু সনদ লাগে।

মৃত্যুর তারিখ কোন ফরম্যাটে দিতে হয়?

বছর-মাস-দিন অর্থাৎ YYYY-MM-DD ফরম্যাটে। যেমন ১২ মার্চ ২০২৪ হলে লিখতে হবে 2024-03-12। এখানে জন্ম তারিখ নয়, মৃত্যুর তারিখ দিতে হবে।

পুরনো মৃত্যু সনদ কি অনলাইনে পাওয়া যাবে?

সনদটি ডিজিটাল ডেটাবেজে অন্তর্ভুক্ত থাকলে পাওয়া যাবে। অনেক পুরনো হাতে লেখা রেকর্ড এখনো অনলাইন করা হয়নি, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

মৃত্যু নিবন্ধন যাচাই করতে টাকা লাগে?

না, অনলাইনে যাচাই সম্পূর্ণ ফ্রি। কেউ যাচাইয়ের নামে টাকা চাইলে বুঝবেন সেটি প্রতারণা।

যাচাই করে কোনো তথ্য না এলে কী করবো?

প্রথমে নাম্বার ও মৃত্যুর তারিখ মিলিয়ে দেখুন। ঠিক থাকার পরেও তথ্য না এলে যে কার্যালয়ে নিবন্ধন হয়েছিল সেখানে গিয়ে সনদটি অনলাইন করা আছে কিনা জেনে নিন।

Google-এ প্রিয় সোর্স হিসেবে যুক্ত করুন

এরপর থেকে জন্ম নিবন্ধন সংক্রান্ত সার্চে আমাদের সাইট আগে দেখতে পাবেন।

যুক্ত করুন

কোথাও আটকে গেছেন?

কোনো ধাপে সমস্যা হলে, তথ্যে ভুল চোখে পড়লে বা অন্য কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।

যোগাযোগ করুন